পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছনকান্দা মরাবাড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ।
জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরি মনি।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, যুবনেতা রানা ম্যানশন, শাহাদাত হোসেন সাগরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।