শিরোনাম

পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে শিবপুরের ৩ জন নিহত, আহত ২

পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে শিবপুরের ৩ জন নিহত, আহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া বাড়ৈ আলগী গ্রামের খোকন মিয়ার ছেলে ও পিকআপচালক মো. মঞ্জুর মিয়া (২৫), কুমরাদী বাসস্ট্যান্ড এলাকার মৃত আবু সাইদ মিয়ার ছেলে গরু ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৫০) এবং একই এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে গরু ব্যবসায়ী খোরশেদ মিয়া (৬০)।

আহতরা হলেন বাড়ৈ আলগী গ্রামের মোছলে উদ্দিনের ছেলে আমানুল্লাহ (৪০) এবং তেলিয়া গ্রামের মান্নান (৫৫)। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের স্বজনরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়।

এ দুর্ঘটনায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর