প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়া নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান একই বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মো. হেদায়েত হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, মো. হেদায়েত হোসেন এর আগে ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন। ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবার তিনি রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো. হেদায়েত হোসেন বলেন, “জেলার কর্ণধার জেলা প্রশাসকের কাছ থেকে এ সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।