ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দক্ষিণ বালিহাড়া সীমান্ত এলাকায় গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ উঠেছে। তবে স্থানীয় জনতা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার ৫ নম্বর হরিপুর ইউনিয়নের দক্ষিণ বালিহাড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া পার করে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত সেখানে জড়ো হন এবং বিজিবিকে অবহিত করেন।
খবর পেয়ে বসলগাঁও/মাশানগাঁও বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় অবস্থান নেন। স্থানীয় জনতা ও বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশইনের চেষ্টায় আনা ব্যক্তিরা সীমান্তের জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রাতের আঁধারে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি। বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং বিজিবি টহল জোরদার করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, জিরো লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলমান রয়েছে।