জামালপুরের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হামলায় আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ জুন) উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক কৃষিজমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আব্দুল হক ধান কাটার পর মাড়াইয়ের কাজ শুরু করলে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সালাম ও তার স্ত্রীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হকের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত জুলেখা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, ঘটনার সময় তিনি বাড়ির পাশে ছিলেন। পরে এসে কাকাকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।