“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, আরএমও ডা. সরদার তানভীর মাহমুদ অনিক, মেডিকেল অফিসার ডা. মিসকাতুস সালেহীন, ডা. মৃণাল কান্তি সাহা, ডা. মনোজ মালাকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্রসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে বাড়ি ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই।”