শিরোনাম

এই মঞ্চে যারা আসেননি তারা দলে ডাকাতির চেষ্টা করছেন: নিলুফার চৌধুরী

এই মঞ্চে যারা আসেননি তারা দলে ডাকাতির চেষ্টা করছেন: নিলুফার চৌধুরী
ছবি: প্রতিনিধি

জামালপুর শহরের বকুলতলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি। বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় ঐক্য, নেতাকর্মীদের ত্যাগ ও নিজের প্রতি পাওয়া ভালোবাসার কথা তুলে ধরেন।

বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “যারা আজকের দিনে আমার এই সংবর্ধনায় শামিল হতে পারেন নাই, আমি তাদেরকে দুর্ভাগা বলবো। কারণ এই মঞ্চে যারা উপস্থিত, সামনে যারা উপস্থিত তারাই তো অরিজিনাল বিএনপি। যারা আসতে পারেন নাই, দুঃখজনকভাবে সত্যি তারা বিএনপিকে ডাকাতি করেছেন।”

নেতাকর্মীদের দেওয়া ফুল ও মালার প্রসঙ্গ টেনে মনি বলেন, জীবনে অনেক গয়না পরেছেন, তবে কর্মীদের দেওয়া ভালোবাসার মালাগুলোই তার কাছে সবচেয়ে মূল্যবান। কারণ এসবের মধ্যে রয়েছে নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ ও আন্তরিকতা।

বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র স্মৃতিচারণ করেন। তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও তার বিষয়ে খোঁজ নিয়েছিলেন এবং মনোনয়ন না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

মনি বলেন, “আমার নেত্রী, আমার মা খালেদা জিয়া বলেছিলেন—আমি সারাদিন অসুস্থ শরীরে শুয়ে থেকে যার টকশো দেখি, তাকে আপনারা মনোনয়ন দেন নাই? এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, রাজনীতিতে পদ বা মনোনয়ন পাওয়া বড় বিষয় নয়, মানুষের ভালোবাসা ও দোয়া পাওয়াটাই সবচেয়ে বড় অর্জন। “মানুষ হয়তো বিভিন্নভাবে ম্যান্ডেট নিতে পারে, কিন্তু সবার ভাগ্যে মানুষের দোয়া ও ভালোবাসা জোটে না,”—যোগ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর