শিরোনাম

সৈয়দপুরে রেলওয়ের জলাশয় ও জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৈয়দপুরে রেলওয়ের জলাশয় ও জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের জমি ও জলাশয় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু হয়েছে। সোমবার (৮ জুন) অভিযানের প্রথম দিনে গোলাহাট এলাকার একটি জলাশয় দখল করে নির্মিত ৬টি বসতবাড়ি এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকার ১০টি দোকান উচ্ছেদ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুরে রেলওয়ের প্রায় সাড়ে ৮০০ একর জমির বড় একটি অংশ বিভিন্নভাবে অবৈধ দখলে রয়েছে। পর্যায়ক্রমে এসব দখলকৃত জমি ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তবে ক্ষতিগ্রস্ত কয়েকজন দাবি করেছেন, তারা বৈধ লিজ নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উচ্ছেদের আগে যথাযথ নোটিশ না পাওয়ার অভিযোগও করেন তারা।

অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, রেলওয়ের জলাশয় ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। রেলওয়ের জমি, জলাশয়, কোয়ার্টার ও অন্যান্য সম্পত্তির সব ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, রেলওয়ে পুলিশ, আরএনবি ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর