শিরোনাম
মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

পেট্রোল ছিটিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পেট্রোল ছিটিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যুর পর মামলা গ্রহণে বিলম্বের অভিযোগ তুলে লাশ নিয়ে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকা থেকে শতাধিক মানুষ নিহত আফাজ উদ্দিনের (৬২) মরদেহ নিয়ে সৈয়দপুর শহরে এসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে শেরে বাংলা সড়ক অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন ভোরে নুর হোসেনের নির্মাণাধীন বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে আগুন দিলে সেখানে থাকা আফাজ উদ্দিন গুরুতর দগ্ধ হন। প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হলেও তিন দিনেও মামলা গ্রহণ করা হয়নি। এমনকি বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও তারা দাবি করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ীদের গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলনে নামেন।

তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। জমা দেওয়া এজাহারে কিছু ত্রুটি থাকায় তা সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছিল। পরে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত পক্ষও অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর