সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (৮৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে উত্তরা থানা-য় রাখা হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং বাসাতেই অবস্থান করছিলেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে সাতক্ষীরায় একাধিক মামলা দায়ের করা হয়। বিভিন্ন সূত্রে তার নামে চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে, বর্তমানে সাতক্ষীরায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
শেখ মুজিবুর রহমান ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বড়কাশিপুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।”
পুলিশ সূত্র জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হবে।