শিরোনাম
ফরিদপুরে হামের দাপট কমছেই না

একদিনে আক্রান্ত ৫৪, মৃত্যু আরও ২ শিশুর

একদিনে আক্রান্ত ৫৪, মৃত্যু আরও ২ শিশুর

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছেই। জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ২৩৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২০ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন ভর্তি আছেন।
এদিকে গত একদিনে দুই হাসপাতাল থেকে মোট ৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ১৪ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪৭ জন ছাড়পত্র পেয়েছেন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারীতে সর্বোচ্চ ২৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া সালথায় ২২ জন, আলফাডাঙ্গায় ২১ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১১ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। হামের বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শও দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর