শিরোনাম

নারীবান্ধব অবকাঠামো ও গৃহস্থালি শ্রমের স্বীকৃতির দাবিতে বরিশালে সমাবেশ

নারীবান্ধব অবকাঠামো ও গৃহস্থালি শ্রমের স্বীকৃতির দাবিতে বরিশালে সমাবেশ
ছবি: প্রতিনিধি

নারীদের জন্য জেলা পর্যায়ে ডে কেয়ার সেন্টার, পাবলিক টয়লেট, কর্মজীবী নারী হোস্টেল ও মা-শিশু হাসপাতাল নির্মাণে বাজেটে বিশেষ বরাদ্দ এবং গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বরিশালে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।

সমাবেশে বক্তারা বলেন, বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, এর মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়। দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও জাতীয় অর্থনীতি ও সমাজে তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয় না। গৃহস্থালি ও পরিচর্যা খাতে নারীদের অবৈতনিক শ্রম দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও তা এখনও রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে রয়েছে।

বক্তারা দাবি করেন, পরিবার পরিচালনা ও সন্তান লালন-পালনের দায়িত্বের কারণে অনেক নারী কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রীয় উদ্যোগে ডে কেয়ার সেন্টার, নিরাপদ গণপরিবহন, কর্মজীবী নারী হোস্টেল ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপন জরুরি। একইসঙ্গে মা ও শিশু স্বাস্থ্যসেবা জোরদারে জেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা ইমাম হোসেন খোকনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা নারীর সমঅধিকার নিশ্চিত করতে এবং নারীবান্ধব রাষ্ট্রীয় অবকাঠামো গড়ে তুলতে আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর