শিরোনাম

কৃষক দল নেতা বাদল হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

কৃষক দল নেতা বাদল হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো. মশিউর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) রাতে ঢাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় হাসান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মশিউর রহমানকে।

উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লও গুরুতর আহত হন।

এ ঘটনায় ১১ জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হাসান মোল্লা এবং ১২ নম্বর আসামি মো. মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর