শিরোনাম

সৈয়দপুরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনের প্রশিক্ষণ শুরু

সৈয়দপুরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনের প্রশিক্ষণ শুরু

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। এ সময় বক্তব্য দেন হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কুমার, নাপিত, বাঁশ-বেত শিল্পীসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ৩০ জন সদস্য অংশগ্রহণ করছেন। আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের ১০ দিনের মধ্যে ৭ দিন শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান এবং ৩ দিন সফল ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে পরিচিতি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের পেশাকে আরও লাভজনক ও টেকসইভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, “সরকারের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, উপজেলা সমাজসেবা কার্যালয়, সৈয়দপুরের আয়োজনে এবং ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর