নরসিংদী শহরের বিলাসদী এলাকায় গ্লোবাল টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি ও দৈনিক নবচেতনার সাংবাদিক মো. শফিকুল ইসলাম মতির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকালে পেশাগত কাজে তিনি বাসার বাইরে থাকাকালে চোরচক্র ঘরে প্রবেশ করে প্রায় ২ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, চোরেরা সিসিটিভি ক্যামেরার তার কেটে চুরির ঘটনা আড়াল করার চেষ্টা করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।