ব্যাংকিং সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে তিনদিনব্যাপী অস্থায়ী বুথ স্থাপন করেছে Pubali Bank PLC।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার ডাকবাংলো মোড়ে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক বাগেরহাট শাখার ব্যবস্থাপক ও এজিএম মো. মনিরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ফকিরহাট উপ-শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার সোহরব হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকরা ব্যাংকের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ আরও বাড়বে।
ফকিরহাট উপ-শাখার ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম জানান, অস্থায়ী বুথে গ্রাহকরা ২৪ ঘণ্টা এটিএম ও সিআরএম সুবিধা, বিনামূল্যে অনলাইন ব্যাংক হিসাব খোলা, ফ্রি এটিএম ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল আমিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম জোরদার করেছে। প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবার প্রসারের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করাই ব্যাংকের অন্যতম লক্ষ্য। তিনদিনব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।