শিরোনাম

দুর্নীতি-অনিয়মের অভিযোগে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে মানববন্ধন

দুর্নীতি-অনিয়মের অভিযোগে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে মানববন্ধন

দুর্নীতি, অনিয়ম ও খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন জেলার নারী খেলোয়াড়রা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ডিসিপ্লিনের নারী খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন পুরুষ খেলোয়াড়ও সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া অফিস থেকে প্রকৃত খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, জার্সি ও আর্থিক অনুদান সঠিকভাবে বিতরণ করা হয় না। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের নামে অনুদান প্রদান করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

এসময় জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক Afida Khandaker Pranta–এর পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স খেলোয়াড়দের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন। এছাড়া খেলোয়াড় উম্মে ফাতেমা উর্মি, সোহেলী আক্তার শামীমা, সালমা খাতুন, নদী বিশ্বাস ও মেহেদী রাজুসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দরিদ্র পরিবার থেকে উঠে এসে অনেক খেলোয়াড় বাসা ভাড়া নিয়ে অনুশীলন করলেও জেলা ক্রীড়া অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। বরং বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। জাতীয় পর্যায়ে সাফল্য এনে জেলার সুনাম বৃদ্ধি করলেও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন তারা।

তারা অবিলম্বে জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণ এবং একজন সৎ, দক্ষ ও খেলোয়াড়বান্ধব কর্মকর্তার নিয়োগের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমান বলেন, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তির জন্য সাতক্ষীরা থেকে ১১৪ জন আবেদন করেছিলেন। জেলা প্রশাসকের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে ৯৮ জনের তালিকা জাতীয় কমিটির কাছে পাঠানো হয়। পরবর্তীতে জাতীয় পর্যায়ের কমিটি চূড়ান্তভাবে ৪৩ জনকে নির্বাচিত করে।

তিনি দাবি করেন, ভাতা না পাওয়ার ক্ষোভ থেকেই কিছু খেলোয়াড় তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় কমিটি নিয়েছে, সেখানে তার ব্যক্তিগত কোনো ভূমিকা ছিল না।

মানববন্ধন শেষে খেলোয়াড়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর