নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট মাংসহাটি এলাকায় একটি তুলার মিল ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নওশাদের মালিকানাধীন তুলার দোকান ও প্রক্রিয়াজাতকরণ ইউনিটে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলে মজুদ থাকা বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য দাহ্য সামগ্রীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দূর থেকে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
অগ্নিকাণ্ডে তুলার মিল, গোডাউন, তুলা প্রক্রিয়াজাতকরণ ইউনিট, একটি চায়ের দোকান এবং একটি ওয়েল্ডিং ওয়ার্কশপসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, “সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।