সিপন আহমেদ,মানিকগঞ্জ >
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে— “মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়।”
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় ভাদ্রা গ্রামের মৃত ওয়াজেদ মল্লিকের বাড়ির উঠানে ভাদ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভাদ্রা গ্রামে কোনো মাদকসেবী কিংবা মাদক কারবারিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। গ্রামকে মাদকমুক্ত রাখতে সামাজিক নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি রাত ১০টার পর প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে অবস্থান করতে পারবেন না। বহিরাগত তরুণদের রাত ৮টার পর গ্রামে প্রবেশ ও আড্ডা দেওয়ার বিষয়েও নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চল, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান লালন, ভাদ্রা স্পোর্টিং ক্লাবের সভাপতি তৌহিদুর রহমান তুহিন, সহসভাপতি জাহিদ হাসান চয়ন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সুজন, সহসাধারণ সম্পাদক শাকিল মিয়া ও কোষাধ্যক্ষ ইমরান হোসেন মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া শতাধিক গ্রামবাসী সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ গ্রাম গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা ভাদ্রা গ্রামকে মাদকমুক্ত রাখতে সর্বাত্মক সহযোগিতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আরও জানান, ভবিষ্যতেও সচেতনতামূলক কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে এই সংগ্রাম অব্যাহত থাকবে।