শিরোনাম

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি> সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন—নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’, ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’ এবং ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরের বিভিন্ন স্থান ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির সময় পানি জমে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া শহরে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান ও আধুনিক ডাম্পিং স্টেশন না থাকায় সমস্যা আরও প্রকট হচ্ছে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।

বক্তারা দ্রুত ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার দাবি জানান।

মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মণ্ডল, ইমতি জামিল ও নুরজাহান খাতুনসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর