দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১২ জুন) ও শনিবার (১৩ জুন) দেশের বেশিরভাগ অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা, নদী ও জলাশয়ে চলাচলে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ছাড়া ঝড়ের সময় বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে।