সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে বনদস্যুদের হাত থেকে অপহৃত ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। পরে কোস্ট গার্ড মোংলা বেইজে প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় পরিচালিত অভিযানে দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর জিম্মিতে থাকা ২১ জেলেকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, খুলনা ও সাতক্ষীরার জেলেদের সুন্দরবনের বিভিন্ন খাল থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে বনদস্যুরা। গোপন সংবাদের ভিত্তিতে কয়রা ও শিবসা নদী এলাকায় অভিযান চালানো হলে ডাকাতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২১ জেলেকে উদ্ধার করা হয়।
অভিযানে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।