উদ্বৃত্ত থাকবে ৩ হাজারের বেশি

কোম্পানীগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত

কোম্পানীগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবার উপজেলায় কোরবানির জন্য মোট ২৮ হাজার ১৮৮টি পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা ২৫ হাজার ১০০টি হওয়ায় উদ্বৃত্ত থাকবে ৩ হাজার ৮৮টি পশু।

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৯৬৭টি ছোট-বড় খামারে গরু, ছাগলসহ বিভিন্ন পশু লালন-পালন করা হয়েছে। বর্তমানে খামারিরা পশুর পরিচর্যা ও বিক্রির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

খামারিরা জানান, পশুখাদ্য ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর দাম কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে গরু আমদানি নিয়ন্ত্রণের দাবি জানান তারা।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নূরুল কাউসার খান বলেন, উপজেলায় পর্যাপ্ত কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এবার উপজেলার ২৭টি পশুর হাটে কেনাবেচা হবে। এর মধ্যে একটি স্থায়ী এবং ২৬টি অস্থায়ী হাট।

তিনি আরও জানান, প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম রাখা হবে এবং খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, পশুর হাটের নিরাপত্তায় প্রশাসনের একাধিক টিম কাজ করছে। জাল টাকা শনাক্তকরণ, চাঁদাবাজি ও গরু চুরি প্রতিরোধে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি খামারিদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর