শিরোনাম

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যায় নরুন্দি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় সেখানে অবস্থানরত লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। নদীতে নামার পর তারা চিৎকার শুরু করলে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন লিমন।

পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও তার সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ড্রেজার মেশিনের পাইপের কাছে তার মরদেহ ভাসতে দেখা যায়।

খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর