নীলফামারীর জলঢাকা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব শিমুলবাড়ী ইউনিয়নের মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে কিবরিয়া ইসলাম পিয়েলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ও মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— মাজেদুল ইসলাম (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) এবং তইবোন নেছা (৫০)। তাদের বাড়ি পূর্ব শিমুলবাড়ী এলাকায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।