শিরোনাম

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত দুই পক্ষের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ১৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কারও বড় ধরনের আঘাত নেই।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা উজির আলী ও যুবদল নেতা বাবু জোয়ার্দারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সকালে একটি চায়ের দোকানে দুই যুবকের মধ্যে মারামারি হয়। ওই ঘটনার জের ধরে বিকেলে উপজেলা বিএনপির সদস্য উজির আলী ও ইউনিয়ন যুবদল নেতা বাবু জোয়ার্দারের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের লোকজন আহত হন এবং তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

তিনি বলেন, ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর