নিষিদ্ধ ছাত্রলীগের হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখা আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ফেসবুকে দেওয়া তার একটি হুঁশিয়ারিমূলক স্ট্যাটাস ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসে পুলিশ কর্মকর্তাদের নাম-পরিচয় সংরক্ষণ করে রাখার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাদের অবসরের পরও শান্তিতে বাড়ি ফিরতে না দেওয়ার ইঙ্গিত দেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ফেসবুক পোস্টে আতাউস সামাদ বাবু দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। একই স্ট্যাটাসে ছাত্রলীগের আরেক নেতা সিরাজের গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাবুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।