নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় বাসিন্দা রাফিন ইসলাম বলেন, “মরদেহ দেখে চেনার উপায় নেই। আশপাশের এলাকার কেউ হলে হয়তো আমরা চিনতে পারতাম।”
আরেক বাসিন্দা প্রতাব রায় জানান, যুবকের বাম হাতে একটি বিশেষ দাগ বা চিহ্ন রয়েছে। তবে তাঁর ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।