শিরোনাম

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাটের’ উদ্বোধন

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাটের’ উদ্বোধন

প্রান্তিক নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পঞ্চগড়ে চালু হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাপ্তাহিক এ হাটের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা।

প্রথম দিনেই হাটে অংশ নেন অর্ধশত নারী উদ্যোক্তা। তাঁদের স্টলে স্থান পায় হস্তশিল্প, খাদ্যসামগ্রী, পোশাক, প্রসাধনী, চিত্রকর্ম ও বিভিন্ন সৌখিন পণ্য। উদ্বোধনী দিনেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকেরা জানান, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসবে এ হাট। অনলাইনে পণ্য বিক্রির পাশাপাশি সরাসরি স্টলের মাধ্যমে নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানো, ব্র্যান্ডিং এবং নতুন ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।

আয়োজক ও নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, “বাবুই পাখির মতোই আমাদের নারী উদ্যোক্তারা নিখুঁতভাবে তাঁদের প্রতিটি পণ্য তৈরি করেন। তাই আমরা এই হাটের নাম দিয়েছি বাবুই নারী উদ্যোক্তা হাট। বাবুইকে জেলার সব নারী উদ্যোক্তার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। পাশাপাশি একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা আমাদের স্বপ্নযাত্রাকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারব।”

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং পরিবারে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারবেন। সমাজের অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারীদের সক্ষমতা ও অবদান তুলে ধরতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা আশা করছেন, নিয়মিত এ হাট আয়োজনের মাধ্যমে স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারিত হবে এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ আরও সুগম হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর