শিরোনাম

নীলফামারীতে এআই দক্ষতা উন্নয়নে যুবদের ঢল, বাছাই পরীক্ষায় অংশ নিলেন ২৩৩ জন

নীলফামারীতে এআই দক্ষতা উন্নয়নে যুবদের ঢল, বাছাই পরীক্ষায় অংশ নিলেন ২৩৩ জন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দক্ষ হয়ে ওঠার প্রতিযোগিতায় নীলফামারীর তরুণ-তরুণীদের মধ্যে দেখা গেল ব্যাপক আগ্রহ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া "কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" প্রকল্পের প্রশিক্ষণার্থী বাছাইয়ে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জেলা যুব ভবনে অনুষ্ঠিত হলো লিখিত পরীক্ষা।

মোট ৫৭০ জন আবেদন করলেও শেষ পর্যন্ত দুই শিফটে পরীক্ষায় অংশ নেন ২৩৩ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ের পরবর্তী ধাপ হিসেবে বুধবার (২৯ জুলাই) একই ভবনে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।

পরীক্ষার সার্বিক তদারকিতে কেন্দ্র পরিদর্শনে আসেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী, কোর্স কো-অর্ডিনেটর সুমন ইসলাম এবং ট্রেইনার আব্দুল কুদ্দুস। তাঁরা পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশ্নপত্র পরিচালনার খুঁটিনাটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শুধু প্রযুক্তি ব্যবহার শেখানোই নয়—এই প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে এআই-নির্ভর কনটেন্ট তৈরি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও নির্মাণ, ডাটা বিশ্লেষণ ও ব্যবসায়িক অটোমেশনের মতো বাস্তবমুখী দক্ষতার ওপর। লক্ষ্য একটাই—তথ্যপ্রযুক্তিতে দক্ষ যুবক-যুবতীদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পথে এগিয়ে দেওয়া, বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখা এবং তাদের স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কো-অর্ডিনেটর ছবি রানী জানান, চূড়ান্তভাবে ২৫ জন প্রশিক্ষণার্থী বাছাই করা হবে, যাদের জন্য অপেক্ষা করছে দুই মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ। আগামী ২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা পাবেন দৈনিক ২০০ টাকা ভাতা ও দুপুরের খাবার। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের দেওয়া হবে সনদপত্র, পাশাপাশি ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে মিলবে মেন্টরিং সহায়তা।

জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এসইও এক্সপ্যাট বাংলাদেশ লিমিটেড ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যৌথভাবে বাস্তবায়ন করছে এই প্রকল্প, যা নীলফামারীর তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর