রংপুর ব্যুরো: অগ্রহায়ণ মাসের শুরুতেই উত্তর জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত দুই দিন ধরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে। প্রতিদিন সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। এতে সকালবেলায় শীতের অনুভূতি বাড়ছে জনজীবনে।
সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতের পর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় শীতের আমেজ ছিল বেশ তীব্র। সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়া শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার চিত্রও বদলে যাচ্ছে। সকাল ১১টার পর ধীরে ধীরে কুয়াশা কেটে স্বাভাবিক হতে শুরু করছে পরিস্থিতি। দুপুর ১২টার পর সূর্যের তাপ বাড়ায় ভারী শীতের পোশাক গায়ে রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে সকাল ও দুপুরের আবহাওয়ায় দেখা যাচ্ছে স্পষ্ট বৈপরীত্য।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, জলবায়ুগত প্রভাবে আবহাওয়ার এমন বৈরী আচরণ দেখা যাচ্ছে। সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, মঙ্গলবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রভাব ক্রমেই অনুভূত হচ্ছে।
অগ্রহায়ণের শুরুতেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার এমন উপস্থিতি উত্তর জনপদে শীতের আগমনের জানান দিচ্ছে।