সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা এ মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম বলে অভিযোগ করেছেন বাদী।
এজাহারে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
এ ছাড়া হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাভোগ করতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে তাঁর কেনা জমি দখল করে নিয়েছেন আবদুল হালিম।
এজাহারে আরও বলা হয়, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগে ইদ্রিস আলী সপরিবারে এলাকা ছেড়ে তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন তিনি। হামলার ঘটনার পর থেকে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেন বাদী।
ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমিটা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনায় থানায় মামলা করেছি।’
তবে এসব অভিযোগের বিষয়ে আবদুল হালিমের বক্তব্য পাওয়া যায়নি। মামলার বিষয়ে পুলিশের বক্তব্যও জানা যায়নি।