বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের মধ্যম চিংড়াখালী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউসুফ শেখ (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীর দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দোকানে থাকা নগদ ১ লাখ ৩৩ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
একই রাতে পাশের বাসিন্দা আজাদ খানের খড়ের গাদা এবং সড়কে রাখা একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়। পরে নিকটস্থ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ব্যবসায়ী ইউসুফ শেখ জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে দোকানের পেছনের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে চারদিকে আগুন দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেও দোকানটি রক্ষা করা সম্ভব হয়নি। তিনি জানান, এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা দোকানেই ছিল। তার ধারণা, পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেন। এ সময় হাবিব শেখ, দীপারী রানি, ফিরোজা বেগম, মামুন খান, হাবিব ফকির, মন্টু খান, বিপ্লব খান ও দেলোয়ার শেখসহ এলাকাবাসী বলেন, ইউসুফ শেখ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন এবং তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এ ধরনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এজাহারভিত্তিক মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।