বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার মালিকানাধীন সিগারেট কারখানায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরের মালিকানাধীন সানকিভাঙ্গা এলাকার ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার তালা ভেঙে পুলিশ মেশিনটি উদ্ধার করে।
জানা গেছে, গ্রীন টোব্যাকো লিমিটেডের মালিক ও বিএনপি নেতা সোমনাথ দে তার কারখানা থেকে একটি সিগারেট তৈরির মেশিন চুরির অভিযোগে বাগেরহাটের আদালতে মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত সার্চ ওয়ারেন্ট জারি করেন এবং অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
সোমনাথ দে অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তার ব্যবসায়িক অংশীদার বদরুল আলম ভদ্দর গ্রীন টোব্যাকো থেকে দেড় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির মেশিনটি সরিয়ে নিয়ে ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজে স্থাপন করেন। প্রায় দুই বছর পর শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি আদালতের শরণাপন্ন হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, অভিযোগকারী তার দাবি করা মেশিনটি শনাক্ত করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মেশিনটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, নকল ডার্বি সিগারেট উৎপাদনের অভিযোগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।