শিরোনাম
স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ৪০ হাজার মানুষ

জনবল সংকটে সপ্তাহজুড়ে তালাবদ্ধ নবাবপুর সরকারি স্বাস্থ্য কেন্দ্র

জনবল সংকটে সপ্তাহজুড়ে তালাবদ্ধ নবাবপুর সরকারি স্বাস্থ্য কেন্দ্র

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল সংকট, অব্যবস্থাপনা ও তদারকির অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। সপ্তাহের অধিকাংশ দিনই কেন্দ্রটিতে তালা ঝুলতে দেখা যায়। এতে ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ প্রয়োজনীয় সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, নবাবপুরের ভোরবাজার এলাকায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রটির ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, চারপাশে জমে আছে ময়লা-আবর্জনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাইরে থেকে দেখে এটি একটি সচল সরকারি স্বাস্থ্য কেন্দ্র বলে বোঝারও উপায় নেই।

স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে শুধু রোববার ও বুধবার কেন্দ্রটি খোলা থাকে। বাকি দিনগুলোতে তালাবদ্ধ থাকায় চিকিৎসাসেবা নিতে এসে অনেক রোগী ফিরে যেতে বাধ্য হন। জরুরি পরিস্থিতিতে রোগীদের প্রায় ১৩ কিলোমিটার দূরের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

স্থানীয় বাসিন্দা আলিম আরাফাত বলেন, “এই স্বাস্থ্য কেন্দ্রটি আমাদের এলাকার মানুষের জন্য আশীর্বাদ হতে পারত। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে এটি প্রায় পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট, সাপে কাটা বা সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয় না। দূরত্বের কারণে অনেক সময় রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে। গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য এটি বড় ধরনের ঝুঁকির কারণ।”

স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম বলেন, “নবাবপুর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পূর্ণাঙ্গভাবে চালু করে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হলে দরিদ্র, ভূমিহীন ও দিনমজুর মানুষ সহজেই সরকারি স্বাস্থ্যসেবা পেতেন।”

এলাকাবাসীর দাবি, স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, নিয়মিত সেবাদান এবং অবকাঠামোগত সংস্কার নিশ্চিত করা হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত সরেজমিনে তদন্ত করে স্বাস্থ্য কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর