নোয়াখালীর শেকড় ধরে যুক্তরাজ্যে গড়ে উঠেছে যেন ‘এক টুকরো বাংলাদেশ’। একই পরিবারের ৪৩ সদস্য বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাস করলেও বাংলা ভাষা, সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য ধরে রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
পরিবার সূত্রে জানা যায়, ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা গোলাম রহমান ১৯৫৫ সালে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যে পাড়ি জমান। ১৯৫৯ সালে ব্রিটিশ নাগরিকত্ব লাভের পর ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যরাও সেখানে স্থায়ী হন। দেশে ফিরে তিনি শিক্ষা, ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে জমি দানসহ নানা অবদান রাখেন। ২০১১ সালে নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।
বর্তমানে রহমান সাহেবের সন্তান ও নাতি-নাতনিসহ মোট ৪৩ জন যুক্তরাজ্যে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৩৮ জন ব্রিটিশ পাসপোর্টধারী। নতুন প্রজন্মের সদস্যরা উচ্চশিক্ষা শেষ করে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রবাসে থেকেও তারা নিয়মিত বাংলা ভাষা চর্চা, দেশীয় উৎসব পালন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করছেন। একই সঙ্গে দেশে আত্মীয়স্বজনের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সহযোগিতা অব্যাহত রেখেছেন।
পরিবারটির সদস্যদের মতে, বিদেশের মাটিতে থেকেও শেকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং পারিবারিক ঐক্য বজায় রাখাই তাদের সবচেয়ে বড় শক্তি।