ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচা বাজারে খাস জমিতে অবস্থিত দোকানগুলোর ডিসিআর করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উচা বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচা বাজারে মোট ১৫০টি দোকানের মধ্যে ৭৭টি খাস জমির ওপর অবস্থিত। এসব দোকানের মধ্যে প্রায় ৫০টির মালিকের কাছ থেকে দোকানপ্রতি ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান ডিসিআর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এ অর্থ গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী ডিসিআর পাননি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, সরকারি কাগজপত্র পাওয়ার আশায় তারা কষ্টার্জিত অর্থ দিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।