শিরোনাম
সুন্দরবনে আত্মসমর্পণ

অস্ত্র-গুলিসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য আইনের আওতায়

অস্ত্র-গুলিসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য আইনের আওতায়

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। ২০১৮ সালের পর এটি সুন্দরবনে সবচেয়ে বড় বনদস্যু আত্মসমর্পণের ঘটনা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ জুলাই) মোংলা কোস্ট গার্ড বেইজে আয়োজিত এক অনুষ্ঠানে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে তারা আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনায় সুন্দরবনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় ধারাবাহিক অভিযান পরিচালনার ফলে বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৩ জুলাই) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার চরপুটিয়া খাল এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের সময় তারা ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি পাইপগান, ২টি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ ও ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্ট গার্ডের কাছে জমা দেন।

প্রেস ব্রিফিংয়ে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, আত্মসমর্পণকারী সদস্যদের বাড়ি খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি জানান, চলমান অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪৫ জন বনদস্যুকে আটক এবং বনদস্যুদের কবল থেকে ৪২ জন জিম্মিকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাপ্টেন মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। যারা আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর