পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল মূল্যায়ন এবং বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর তদারকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব খাতা মূল্যায়ন নিশ্চিত করা, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়ে ফল প্রকাশে শিক্ষার্থীদের অযৌক্তিক ক্ষতি এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া।
সমাবেশে বক্তারা বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তারা অভিযোগ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তার ও ফকির মোহাম্মদ রাইম।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এ সময় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচি থেকে আগামী বুধবার দুপুর ১টায় একই স্থানে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।