নরসিংদীর পলাশে এক বালু ব্যবসায়ীকে অপহরণসদৃশভাবে তুলে নিয়ে মারধর এবং কানে কামড়ে জখম করার অভিযোগ উঠেছে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর কানে চারটি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেনের দাবি, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের অভ্যন্তরে টিকে গ্রুপের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর তীরে ড্রেজার মেশিন বসান। বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে জোরপূর্বক তুলে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে না জানিয়ে ড্রেজার বসানোর কারণ জানতে চেয়ে মহিউদ্দিন তাঁর কানে কামড় দেন বলে অভিযোগ করেন তিনি। পরে দ্রুত ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া বলেন, “সকালে ড. আব্দুল মঈন খানের একটি কর্মসূচি রয়েছে। আমি এখন বিশ্রামে আছি। পরে ভিডিও বক্তব্যে ঘটনার সত্য-মিথ্যা ও বিস্তারিত জানাব।”
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।