শিরোনাম
তদন্তে নির্মাণকাজ বন্ধের নির্দেশ

ভালুকায় সরকারি নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ভালুকায় সরকারি নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাশের জমির মালিক মো. মোস্তফা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করলে তদন্ত শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভবনটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।

অভিযোগকারী মো. মোস্তফা, উপজেলার জামিরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ২৯ এপ্রিল ইউএনও বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রবাসী শামসুদ্দিন মিয়া প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই ভবন নির্মাণ শুরু করেন। অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে প্রথম দফায় কাজ বন্ধ করা হয়। পরে এনওসি সংগ্রহ এবং এলজিইডির অনুমোদিত নকশা গ্রহণ করা হলেও বর্তমানে সেই নকশা অনুসরণ না করে ইচ্ছামতো ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জানা যায়, হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে রোমান ফ্যাক্টরির পূর্ব পাশে জমি কিনে ভবন নির্মাণ করছেন প্রবাসী শামসুদ্দিন মিয়া। তিনি বিদেশে থাকায় তাঁর বড় ভাই মো. আজিজুল হক নির্মাণকাজ তদারকি করছেন।

অভিযোগে বলা হয়েছে, বহুতল ভবন নির্মাণে প্রচলিত বিধিমালা অনুসরণ না করে সীমানা ঘেঁষে ভবন নির্মাণ করা হচ্ছে এবং ভবনের চারপাশে বাধ্যতামূলক ফাঁকা জায়গাও রাখা হয়নি। বিষয়টি একাধিকবার জানানো হলেও নির্মাণকাজ অব্যাহত রাখা হয়।

অভিযোগের পর উপজেলা ভূমি অফিস বিষয়টি তদন্ত করে। তদন্ত শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়া পর্যন্ত ভবন নির্মাণের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও এনওসি পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শামসুদ্দিন মিয়া বিদেশে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ভাই মো. আজিজুল হক বলেন, "আমি নিয়ম মেনেই কাজ করছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, "ভবন নির্মাণে কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর