জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা লাগান। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণাও দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার পর প্রশাসনের কাছে ছয় দফা দাবি তুলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি।
শিক্ষার্থীরা দাবি করেন, প্রশাসন ঘটনার দায় এড়িয়ে গিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ফলে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টরিয়াল টিমের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে অজ্ঞাত এক যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।