শিরোনাম

কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে দুটি ককটেল উদ্ধার

কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে দুটি ককটেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির একটি দলীয় কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসের সামনে থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।

তিনি বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ১৩ জুন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিএনপির পক্ষ থেকে শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া গত ১ মে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর