শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তীব্র যানজটে আটকে পড়ে হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে ভ্যানগাড়িতে করে হাসপাতালে যাওয়ার পথে শহরের তীব্র যানজটে আটকে পড়েন তারা।
পরিবারের দাবি, আড়াই আনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারিতে রোগীবাহী ভ্যান আটকে থাকায় সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে পথেই আমিনুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী শহরে প্রতিদিনই যানজট লেগে থাকে। বিশেষ করে বাজার এলাকায় অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ বাড়ছে।
সচেতন নাগরিকরা বলছেন, জরুরি রোগীবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা ও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকলে ভবিষ্যতে আরও এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।