আরিফুল ইসলাম খান, শিবপুর>
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে অবস্থিত খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা মাদ্রাসার নৈশপ্রহরীকে হাত-পা ও মুখ বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে অফিস কক্ষ থেকে মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৫ থেকে ৬ জন মুখোশধারী যুবক মাদ্রাসার গ্রিল বেয়ে দ্বিতীয় তলায় উঠে ভবনের ভেতরে প্রবেশ করে। পরে তারা নৈশপ্রহরী আব্দুল মতিনকে জিম্মি করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর দুর্বৃত্তরা শিক্ষক মিলনায়তনের তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি ইউপিএসসহ আরও কিছু মালামাল চুরি করে। চুরি শেষে পালিয়ে যাওয়ার আগে তারা নৈশপ্রহরীকে শারীরিকভাবে নির্যাতন করে মেঝেতে ফেলে রেখে যায়।
প্রতিদিনের মতো ফজরের নামাজের পর আব্দুল মতিনের বাড়িতে ফিরে মুরগির খামারে খাবার দেওয়ার কথা থাকলেও সেদিন তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী উদ্বিগ্ন হয়ে মাদ্রাসায় খোঁজ নিতে আসেন। সেখানে এসে তিনি স্বামীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাঁধনমুক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হুমায়ুন কবির বলেন, “গত রাতে মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে। অফিস কক্ষ থেকে একটি মনিটর, একটি প্রিন্টার, একটি ইউপিএসসহ আরও কিছু মালামাল চুরি হয়েছে। নৈশপ্রহরী চোরদের কাউকে শনাক্ত করতে পারেননি। বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।