শিরোনাম

সৈয়দপুরে নারী উদ্যোক্তা রীপ্রিয়া পোদ্দারের মৃত্যু

সৈয়দপুরে নারী উদ্যোক্তা রীপ্রিয়া পোদ্দারের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি, রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রি (নোয়াহ গ্রুপ)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাজকুমার পোদ্দারের মেয়ে রীপ্রিয়া পোদ্দার (৩২) মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। পরিবারে এক ভাই ও দুই বোনের মধ্যে রীপ্রিয়া ছিলেন মেজো বোন। রীপ্রিয়ার মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

রীপ্রিয়া পোদ্দার ছিলেন একজন তরুণ উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি নিজস্ব উদ্যোগে ফেব্রিক্স ও পোশাকসামগ্রীর অনলাইন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘পাখি’ প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতিষ্ঠানটি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, রীপ্রিয়া পোদ্দারের অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল বুধবার (২৪ জুন) সকাল ১১টায় সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশানে সম্পন্ন হবে।

রীপ্রিয়ার অকাল প্রয়াণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর