সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে (নিউমার্কেট মোড়) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ ও বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরীন। দুই সংগঠনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক মুসল্লি অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী এবং সঞ্চালনা করেন রুস্তম আলী তাওহিদী। বক্তব্য দেন মাওলানা ওসমান গনি, মুহাদ্দিস ওবায়দুল্লাহ, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আফজাল হোসেন জিহাদী, মাওলানা তরিকুল ইসলাম জিহাদী ও হাফেজ আরিফুল ইসলাম আজাদীসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বারী অভিযোগ করেন, জেলা প্রশাসক সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করে জেলার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তিনি ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
তবে জেলা প্রশাসক কাউসার আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের নীতির আলোকে জঙ্গিবাদ ও উগ্রবাদমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরতেই তিনি বক্তব্য দিয়েছেন। এর মধ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে মন্তব্য করা হয়নি।
এ ঘটনায় বুধবার জেলা বিএনপি এক বিবৃতিতে জানায়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিএনপির দাবি, ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি; বরং খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার নিয়ে বক্তব্যের অংশ হিসেবে এটি এসেছে। বক্তব্যের আংশিক ও বিকৃত উপস্থাপনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দও জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থার এক সভায় তিনিও সাতক্ষীরায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। একই প্রেক্ষাপটে জেলা প্রশাসক বক্তব্য দিয়েছেন এবং সেখানে বিতর্কিত কিছু ছিল না।
হাবিবুল ইসলাম হাবিব আরও অভিযোগ করেন, অতীতে একটি গোষ্ঠী সাতক্ষীরার রাজনৈতিক পরিবেশকে ভিন্নমুখী করার চেষ্টা করেছে। তার ভাষায়, "সাতক্ষীরার পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে জামায়াত। তারা যা চাইবে তা হবে না। এখন সরকারে বিএনপি।"