শিরোনাম

ফরিদপুরে হাত-পা কাটা অবস্থায় জামু ফকিরের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ফরিদপুরে হাত-পা কাটা অবস্থায় জামু ফকিরের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত পান্নু ফকির সালথা উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে মরদেহটি যদুনন্দী মৌজার একটি সড়কে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাটক্ষেতে হত্যার পর মরদেহটি সড়কে ফেলে রাখা হয়। মরদেহে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।"

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর