শিরোনাম

হকার পুনর্বাসনে রাজধানীতে ছয়টি মাঠ নির্ধারিত: ডিএনসিসি প্রশাসক

হকার পুনর্বাসনে রাজধানীতে ছয়টি মাঠ নির্ধারিত: ডিএনসিসি প্রশাসক
শফিকুল ইসলাম খান।

রাজধানীর ফুটপাত দখল ও হকার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ছয়টি নির্ধারিত খোলা মাঠে পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রেজিস্ট্রেশনের মাধ্যমে এসব স্থানে হকারদের অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক।
শনিবার (২৫ এপ্রিল) গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনায় এ পরিকল্পনার কথা জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, নির্ধারিত ছয়টি স্থানে হকাররা চৌকি বা ট্রলির মাধ্যমে ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন শেষে কাঠামো সরিয়ে নিতে বাধ্য থাকবেন। ফুটপাত দখলজনিত অনিয়ন্ত্রিত পরিস্থিতি বর্তমানে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রশাসকের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে আগে সীমিত সংখ্যক হকার থাকলেও বর্তমানে তা কয়েকগুণ বৃদ্ধি পেয়ে প্রায় দুই হাজারে পৌঁছেছে, যার ফলে হাসপাতাল, জরুরি সেবা ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
তিনি আরও বলেন, নগর ব্যবস্থাপনায় তাৎক্ষণিক সিদ্ধান্তের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। টেকসই নগর ব্যবস্থার জন্য বিভিন্ন সেবা সংস্থাকে একক কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
আলোচনায় রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাসমূহ একীভূত ব্যবস্থাপনায় আনলে প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। পাশাপাশি তথ্যভিত্তিক পরিকল্পনার ঘাটতি নগর উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, রাজধানীর যানজট নিরসনে পার্কিং ব্যবস্থাপনা পুনর্গঠন এবং গণপরিবহন উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পূর্বাচল প্রকল্পকে কার্যকরভাবে সক্রিয় করার পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর