শিরোনাম

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদযাত্রায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের তারিখ ২৮ মে ধরে বুধবার (১৩ মে) সকাল থেকে ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের টিকিট ধাপে ধাপে অনলাইনে শতভাগ বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়।
সূত্র জানায়, ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি টিকিট কিনতে পারবেন, তবে অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য হবে না।
এদিকে যাত্রীচাপ সামাল দিতে উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর